বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সৌদিতে প্রধান উপদেষ্টার পরিবর্তে রিয়াদ যাচ্ছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

সৌদিতে প্রধান উপদেষ্টার পরিবর্তে রিয়াদ যাচ্ছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।

প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সফর স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের সময় সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। সেই সময় থেকেই সফর প্রস্তুতি চলছিল।

সূত্র জানায়, সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয় এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সৌদি আরবের অন্যতম বড় বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারও সম্মেলনে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে। তবে জ্বালানি উপদেষ্টাসহ অন্য দুই উপদেষ্টা সফরসঙ্গী হচ্ছেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন