বাবাকে হত্যার পর আত্মহত্যার নাটক: ছেলে গ্রেফতার

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার গর্জনতলী গ্রামের বাসিন্দা মাখন চন্দ্র নাথকে (৫৪) তাঁর ছেলে শুভ চন্দ্র নাথ (১৯) নিজ হাতে কোদালের বাট দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে সে বাবার গলায় রশি বেঁধে আত্মহত্যার নাটক সাজায়। এমনকি মাকে খুন করার ভয় দেখিয়ে থানায় অপমৃত্যু মামলাও দায়ের করায় শুভ।
ভয়াবহ এই হত্যাকাণ্ডের প্রায় চার মাস পর অবশেষে মৃত্যুর আসল রহস্য উদঘাটিত করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ অক্টোবর) রামগড় থানার পুলিশ অভিযান চালিয়ে আসামি শুভ চন্দ্র নাথকে গ্রেপ্তার করে।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গত ১৩ জুলাই রাতে নিজ বাড়িতে বাবা-ছেলের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে শুভ কোদালের বাট দিয়ে বাবা মাখন চন্দ্র নাথের মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, ঘটনা ধামাচাপা দিতে শুভ বাবার মরদেহ বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার মিথ্যা প্রচার করে।
হত্যার কথা কাউকে না বলতে শুভ তার মাকেও খুন করার হুমকি দেয়। ঘটনার পরদিন অর্থাৎ ১৪ জুলাই সে মাকে প্রাণনাশের ভয় দেখিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করতে বাধ্য করে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্টে মাখন চন্দ্র নাথের মৃত্যুর কারণ মাথায় রক্তক্ষরণ উল্লেখ থাকায় নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ মঙ্গলবার (২১ অক্টোবর) রামগড় থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে শুভ চন্দ্র নাথকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে খুন করার কথা স্বীকার করার পর আসামি শুভ চন্দ্র নাথ গতকাল বুধবার খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।