প্রশাসনের নীরবতায় হাটহাজারীতে পুকুর ভরাটের মহোৎসব

চট্টগ্রামের হাটহাজারীতে প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে অবাধে চলছে পুকুর ভরাটের মহোৎসব। পৌরসভার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মো. সিরাজ নামের এক ব্যক্তি রাতের আঁধারে প্রতিনিয়ত ট্রাকভর্তি মাটি এনে পুকুরটি ভরাট করছেন। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
অভিযোগ রয়েছে, বহু বছর ধরে পুকুরটি আশপাশের কয়েকটি পরিবারের একমাত্র জলাধার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গৃহস্থালি কাজের পাশাপাশি বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এখন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জলাধারটি ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রশাসনের নজর এড়িয়ে গোপনে পুকুর ভরাটের কাজ চলছে। মাঝেমধ্যে প্রশাসনের তৎপরতায় কাজ বন্ধ হলেও অল্প কিছুদিনের মধ্যেই পুনরায় শুরু হয়। তারা অবিলম্বে এ অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. সিরাজ বলেন, “এটা আমাদের পৈত্রিক ভিটা। একসময় প্রয়োজনে পুকুর খনন করেছিলাম, এখন আবার প্রয়োজন হওয়ায় ভরাট করছি। প্রয়োজনে প্রশাসনের অনুমতিও নেব।”
এদিকে, অভিযোগ পাওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। তিনি বলেন, “খবর পেয়ে আমরা পুকুর ভরাটের কাজ বন্ধ করেছি। সংশ্লিষ্টদের কাগজপত্র অফিসে জমা দিতে বলা হয়েছে। যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী মনে করছেন, দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে পরিবেশ ও জলাধার উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে।