মাটিরাঙ্গায় কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এক পাহাড়ি কিশোরী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কিশোরীটি স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গিয়েছিল। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। এ সময় অন্য দুই ধর্ষক পলাতক ছিল।
পরবর্তীতে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বেলছড়ির অযোধ্যা এলাকা থেকে রিমন ত্রিপুরা (২২) নামে আরও এক ধর্ষককে গ্রেফতার করা হয়। এখনো সুমন বিকাশ ত্রিপুরা (১৮) নামে এক অভিযুক্ত পলাতক রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় ৪ জনকে আসামী করে মামলা করেছেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ভিকটিমসহ আটককৃত ৩ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পলাতক থাকা বাকি এক ধর্ষককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।