‘‘আই ক্যান্ট ব্রিদ”: নিঃশ্বাসরুদ্ধ বাস্তবতার মঞ্চায়ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয়েছে অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ-এর আলোচিত প্রযোজনা “আই ক্যান্ট ব্রিদ”। সংগঠনের ৪৬তম প্রযোজনার এটি ছিল ৬ষ্ঠ মঞ্চায়ন।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বায়োগ্রাফিক্যাল নাট্যকার জুয়েল কবির। একক অভিনয়ে দর্শককে আবেগতাড়িত করেন অনসাম্বল থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যকর্মী মো. আবুল মনসুর।
প্রথম প্রদর্শনী থেকেই আলোচনায় আসা এই নাটক সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি, সামাজিক ও মানসিক নিঃশ্বাসরোধের বাস্তবতাকে প্রতীকী ভাষায় মঞ্চে রূপ দেয়। আলো, শব্দ, সঙ্গীত ও আবেগঘন অভিনয়ের শক্তিশালী সমন্বয়ে দর্শকের সামনে জীবন্ত হয়ে ওঠে নিপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদ।
দর্শক প্রতিক্রিয়ায়ও ধরা পড়ে নাটকের তীব্র আবেদন। প্রদর্শনী শেষে এক নাট্যবোদ্ধা বলেন, “এটি যেন নিঃশ্বাস নিতে না-পারা মানুষের জীবন্ত চিৎকার; আমাদের জীবনের আয়না।”
অনসাম্বল থিয়েটার জানায়, “আই ক্যান্ট ব্রিদ” শুধু রাজধানী বা বড় শহরে সীমাবদ্ধ থাকবে না। শিগগিরই দেশের ৬৪ জেলায় ধারাবাহিকভাবে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে তাদের। এ জন্য সাংস্কৃতিক অনুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতাও কামনা করেছে দলটি।
প্রতিষ্ঠার প্রায় দুই দশকে অনসাম্বল থিয়েটার মঞ্চে এনেছে ৪৮টি নাটক। প্রতিবাদ, সংস্কৃতির মুক্তি ও মানুষের সত্য উচ্চারণকে কেন্দ্র করে তাদের প্রতিটি প্রযোজনা দর্শকের কাছে পেয়েছে বিশেষ স্বীকৃতি। তারই ধারাবাহিকতায় “আই ক্যান্ট ব্রিদ” হয়ে উঠেছে সময়ের প্রতিবাদী উচ্চারণ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ নাটক নিছক বিনোদন নয়; এটি মানুষের মুক্ত নিঃশ্বাসের দাবি ও সামাজিক বিবেকের এক শক্তিশালী প্রতিচ্ছবি।