সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর (ওডিএনআই)-এর ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। তবে ফাঁস হওয়া তথ্যগুলো জাতীয় নিরাপত্তার দৃষ্টিতে গোপনীয় বা শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড) নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাকাররা কীভাবে সিস্টেমে প্রবেশ করেছে এবং অনুপ্রবেশের পরিধি কতটা, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক সুরক্ষিত করার কাজ চলছে।
এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো এমন সিস্টেমে সংরক্ষিত ছিল, যেগুলোতে শ্রেণিবদ্ধ তথ্য রাখা হয় না। অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বা সংবেদনশীল অভিযানসংক্রান্ত তথ্য থাকা ক্লাসিফায়েড নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
তবে সিস্টেমগুলোতে প্রবেশের জন্য হ্যাকাররা ঠিক কী পদ্ধতি ব্যবহার করেছে, সে বিষয়ে কর্মকর্তারা কিছু জানাননি। অনুপ্রবেশের প্রভাব সীমিত করা এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
ক্লাসিফায়েড ও আনক্লাসিফায়েড নেটওয়ার্কের পার্থক্য
সিআইএ ও ওডিএনআই শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড) এবং অশ্রেণিবদ্ধ (আনক্লাসিফায়েড)—দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা করে। ক্লাসিফায়েড নেটওয়ার্কে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় সংরক্ষণ করা হয়। অন্যদিকে আনক্লাসিফায়েড নেটওয়ার্ক ব্যবহার করা হয় প্রশাসনিক কাজ, সরকারি সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত তথ্য আদান-প্রদানে।
এসব নেটওয়ার্ক বাইরের প্রযুক্তি সরবরাহকারী, সফটওয়্যার প্রতিষ্ঠান এবং ইন্টারনেট-সংযুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত থাকে। ফলে এগুলো সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে।
ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যুক্ত হয়েছে। তারা নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত, অনুপ্রবেশের প্রভাব সীমিত এবং ক্ষতিগ্রস্ত সিস্টেম সুরক্ষিত করতে সহায়তা করছে।
মার্কিন কর্মকর্তারা এখনো এ হামলার জন্য কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেননি।
যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলা
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থায় একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এফবিআই সম্প্রতি তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছে। এই ডেটাবেইস ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের রেকর্ডসহ বিভিন্ন তথ্য আদান-প্রদানে ব্যবহার করে। চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ও (ইউএসডিএ) সাইবার হামলার শিকার হয়েছে। এতে কৃষিঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি প্রদান ও সংরক্ষণ কর্মসূচি পরিচালনায় ব্যবহৃত একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। তদন্ত চলাকালে বিভাগটি সাময়িকভাবে আক্রান্ত কিছু সিস্টেম বন্ধ করে দেয়। কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া ইলিনয় অঙ্গরাজ্যে ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধেও সাইবার ঘটনার খবর পাওয়া গেছে। পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সাইবার ঘটনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।