মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ দেশের মাটিতে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেছেন তিনি। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।
বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা। চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন তাঁরা। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন জেনিফার ব্যারেটো।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন—বিচারকদের এমন প্রশ্নের উত্তরে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এ খেতাব অর্জন করেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।