মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফসলের অপচয় কমাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন চালুর তাগিদ ঢাকায় আরও ৭১৪ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে: হাসনাত বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার
  • ফসলের অপচয় কমাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন চালুর তাগিদ

    ফসলের অপচয় কমাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন চালুর তাগিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফসল তোলার পর সংরক্ষণের অভাবে কৃষিপণ্যের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, হিমাগারের পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা চালু করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন। এতে তাঁদের আয়ও বাড়বে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, হিমাগারের স্বল্পতা ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে বাজারে পৌঁছানোর আগেই অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়।

    রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি তৈরি করা হয়েছে। এ প্রকল্পের অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য হিমাগার স্থাপনে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তির ব্যবহার নির্ধারণে সহায়তা করবে।

    তিনি বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠান্ডা করা, সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণ—সবকিছু একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা সম্ভব। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়বে এবং জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে অর্থায়ন করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।

    প্রকল্পের আওতায় রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারে তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

    প্রকল্পের সঙ্গে যুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান মন্ত্রী। দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকায় এ প্রযুক্তি ছড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আশাও প্রকাশ করেন তিনি।

    অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্প অংশীদার, এনজিও, কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন