শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে: হাসনাত

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরি ও প্রচারের মাধ্যমেও সক্রিয় রয়েছে দলটির লোকজন।
হাসনাত বলেন, আওয়ামী লীগের কিছু লোক এখন গোপনে কনটেন্ট তৈরি করছে। তাঁরা নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে ভিডিও ধারণ করে সেগুলো বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। এটি একধরনের বার্তা প্রচারের কৌশলে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র্যালি শুরুর আগে বক্তব্য দেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। দলটির বর্তমান কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের ফ্যাসিবাদী ও জনবিচ্ছিন্ন চরিত্র আরও স্পষ্ট হচ্ছে। এসব তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ তৈরি হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হাসনাত বলেন, তিনি সারা জীবন দেশে থাকবেন, পালিয়ে যাবেন না বলে দাবি করলেও শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন। এখন দেশে ফেরার নানা আলোচনা হলেও তিনি ফিরবেন না বলে মনে করেন হাসনাত। তবে ফিরে এলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার জন্য বিমান, গাড়ি কিংবা সীমান্তে তৎপরতার খবরকে নাটক ও রাজনৈতিক প্রচারণা হিসেবে অভিহিত করেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী কিছু লোককে উজ্জীবিত করা।
হাসনাত বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সীমান্তপথে আসার চেষ্টা করছেন কি না, তা নিয়েও নানা আলোচনা হচ্ছে। তবে এসব তৎপরতা মূলত গণমাধ্যমে প্রচারের কৌশল। তিনি আরও দাবি করেন, ভারতসহ বিভিন্ন দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা হলেও কেউ এ বিষয়ে দায়িত্ব নিতে চাইছে না। পাসপোর্ট পাওয়ার চেষ্টাও সফল হচ্ছে না।
এনসিপির এই নেতা বলেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা বন্ধ করতে ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তাঁর বিরুদ্ধে দেওয়া রায় দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তিনি। পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়ে সারা দেশে কর্মসূচি চলছে বলে জানান।
আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে হাসনাত বলেন, এসব কর্মকাণ্ড দলটির অভ্যাস ও রাজনৈতিক চরিত্রের অংশ। তাঁর দাবি, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একই ধরনের তৎপরতা দেখা গেছে।
এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হাসনাতের দাবি, ভারতের ভূখণ্ড ব্যবহার করে এবং দেশটিতে প্রশিক্ষণ নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছেন। এভাবে ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মোটরসাইকেল র্যালির আগে দেওয়া বক্তব্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।