ঢাকায় আরও ৭১৪ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য

বিদ্যুৎ বিল ও জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।
সভায় ঢাকা জেলায় সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তুলে ধরে ফরিদা খানম জানান, জেলায় প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক।
তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এতে ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি গ্রিডের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ বিল কমানো সম্ভব। নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও রয়েছে।
জেলা প্রশাসক জানান, জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অধিকাংশই সরকারি ভবন। এই লক্ষ্য পূরণ হলে জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের মোট সক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে পৌঁছাবে।
সৌরবিদ্যুতের আর্থিক সুবিধা বাড়াতে নেট মিটারিং সংযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি। বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপন করা ভবনগুলোর মাত্র ৬ শতাংশে এ সংযোগ রয়েছে। নেট মিটারিং বাড়ানো গেলে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের মাধ্যমে ভবনমালিকেরা আরও বেশি আর্থিক সুবিধা পাবেন।
কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি ও দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার আহ্বান জানান জেলা প্রশাসক। সরকারি দপ্তরগুলোকে ভবনের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী করা, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে দ্রুত নেট মিটারিং সংযোগ দেওয়া এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত কাজ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
ফরিদা খানম বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন করা গেলে ঢাকা জেলাকে আরও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।