বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না মারক্রাম, প্রশংসা করলেন ব্যাটিংয়ের

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সিরিজের শেষ টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেছেন, প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তাঁরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রান করার বিষয়টি উল্লেখ করে মারক্রাম বলেন, ‘তারা ভালো ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে ৪০০ রান করেছে, আর প্রথম ইনিংসে এমন রান দীর্ঘ সময় ম্যাচে টিকে থাকতে সাহায্য করে। মিডল অর্ডারে তাদের একটি খুব বড় জুটি ছিল, যেটি ভাঙার ওপর আমরা বিশেষ গুরুত্ব দেব।’
বাংলাদেশের ব্যাটিং জুটি ভাঙতে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি বলেন, ‘কীভাবে তা ভাঙব, তা এখনই বলতে পারছি না। তবে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে এবং তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম টেস্টে তারা ভালো খেলেছে, মাঝে ভালো কিছু বোলিং স্পেলও করেছে। তবে ওয়ান্ডারার্সে তাদের ৪০০ রান করাটা বেশ ভালো প্রচেষ্টা ছিল।’
বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের প্রশংসাও করেছেন মারক্রাম। তাঁর মতে, হৃদয় দক্ষিণ আফ্রিকার কাছে অপরিচিত নন। দেশটিতে 'এ' দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মারক্রাম বলেন, ‘সে এখানে 'এ' দলের সিরিজে খেলেছিল এবং সম্ভবত ট্রিপল সেঞ্চুরি করেছিল। তাই আমরা জানতাম, সে অসাধারণ একজন খেলোয়াড়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সে ভালো করেছে।’
লিটন দাসের সঙ্গে হৃদয়কেও বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করছেন মারক্রাম। তিনি বলেন, ‘লিটনের পাশাপাশি সে এখন দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার। তাই আমাদের জন্য এই দুটি উইকেট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচেও আমরা তাদের হালকাভাবে নিইনি। দ্বিতীয় ম্যাচে তাদের দ্রুত আউট করতে বোলাররা বেশ উজ্জীবিত রয়েছে।’