আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত থাকবেন।
এর আগে গতকাল রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।
দলটির অবস্থান তুলে ধরে সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।