গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক

গঙ্গার পানি বাংলাদেশের কোটি মানুষের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও খাদ্যনিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি নিয়ে কার্যকর সমঝোতা জরুরি। ৩০ বছরের অভিজ্ঞতা বলছে, পুরোনো চুক্তি দুই দেশের মধ্যে পানিবণ্টনের একটি কাঠামো তৈরি করলেও বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা ও শুষ্ক মৌসুমে পর্যাপ্ত প্রবাহের নিশ্চয়তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।
শুষ্ক মৌসুমে গঙ্গা-পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের কৃষি, মৎস্যসম্পদ, নদীর নাব্য এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ নানা চাপে পড়ে। এর প্রভাব পড়ে নদীনির্ভর মানুষের জীবন-জীবিকায়ও। তবে এসব সমস্যার জন্য শুধু ফারাক্কা বাঁধকে দায়ী না করে জলবায়ু পরিবর্তন, উজানের পানি প্রত্যাহার ও অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
নতুন চুক্তি যেন শুধু পুরোনো শর্তের মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের জন্য শুষ্ক মৌসুমে ন্যূনতম পানিপ্রবাহের নিশ্চয়তা, পানির হিসাব ও তথ্যের স্বচ্ছ বিনিময়, যৌথ পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি বর্ষাকালের অতিরিক্ত পানিপ্রবাহ, বন্যা পূর্বাভাস ও নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়ও চুক্তিতে গুরুত্ব পাওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে দুই দেশের যৌথ নদী কমিশনের ভূমিকা আরও কার্যকর করা জরুরি। শুধু বৈঠক ও আলোচনা নয়, চুক্তির শর্ত বাস্তবায়নে নিয়মিত নজরদারি এবং পানিপ্রবাহের তথ্য জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা থাকা উচিত। এতে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে এবং পানিবণ্টন নিয়ে স্বচ্ছতা বাড়বে। প্রয়োজনে নতুন বৈজ্ঞানিক তথ্য ও নদীর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পানিবণ্টনের হিসাব পুনর্র্নিধারণ করতে হবে।
ভারত বাংলাদেশের প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিরও গঙ্গার পানির ওপর নির্ভরশীল মানুষের স্বার্থ রয়েছে। তাই এক পক্ষের স্বার্থ রক্ষা করে অন্য পক্ষকে বঞ্চিত করার নীতি দীর্ঘমেয়াদে কোনো দেশের জন্যই কল্যাণকর নয়। প্রয়োজন বিজ্ঞানভিত্তিক পানিবণ্টন, পারস্পরিক আস্থা ও যৌথ নদী ব্যবস্থাপনা। একই সঙ্গে তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও কার্যকর উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশের আলোচনায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য প্রয়োজন শক্তিশালী তথ্য-উপাত্ত, বিশেষজ্ঞদের মতামত এবং অভিন্ন নদীর পানির ওপর নির্ভরশীল মানুষের বাস্তব অভিজ্ঞতা। শুধু কূটনৈতিক পর্যায়ের আলোচনা নয়, কৃষক, জেলে ও নদীতীরবর্তী জনগোষ্ঠীর স্বার্থও নীতিনির্ধারণে প্রতিফলিত হওয়া দরকার। কারণ পানির সংকটের সরাসরি প্রভাব তাঁদের জীবনেই সবচেয়ে বেশি পড়ে।
এ ছাড়া গঙ্গার পানির ওপর নির্ভরশীল বাংলাদেশের নদীগুলোর নাব্য ফিরিয়ে আনা এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতেও অভ্যন্তরীণ উদ্যোগ প্রয়োজন। নদী খনন, দূষণ নিয়ন্ত্রণ, জলাধার সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। শুধু আন্তর্জাতিক চুক্তির ওপর নির্ভর করে দেশের পানিসংকটের সব সমাধান সম্ভব নয়। উজান ও ভাটির পানিপ্রবাহের সমন্বয়ের পাশাপাশি দেশের ভেতরেও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পানি বণ্টনকে যেন কেবল দুই দেশের কূটনৈতিক দর-কষাকষির বিষয় হিসেবে দেখা না হয়। এর সঙ্গে খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য, মানুষের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত। তাই নতুন চুক্তির প্রতিটি শর্তে দীর্ঘমেয়াদি জনস্বার্থের প্রতিফলন থাকা প্রয়োজন। দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা থাকলে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো অসম্ভব নয়।
গঙ্গার পানি কোনো এক দেশের একক সম্পদ নয়; এটি অভিন্ন নদী অববাহিকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে যুক্ত। তাই নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের মানুষের স্বার্থকেও গুরুত্ব দিতে হবে। পানি নিয়ে বিরোধ নয়, ন্যায্যতা, সমতা ও সহযোগিতাই হোক বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ ভিত্তি।