জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান বাড়ানোর আহ্বান কপ৩১-এ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো হুমকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে এসব বক্তব্য উঠে আসে।
‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন-জীবিকা ক্রমেই বিপন্ন হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলো আন্তর্জাতিক ফোরামে সমন্বিতভাবে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব। অভিন্ন স্বার্থ রক্ষায় এসব দেশের মধ্যে সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি।
সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানা মেনে চলে না। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। কার্যকর পানি ব্যবস্থাপনা নীতি প্রণয়নে বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তাঁরা।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন।
জাকির হোসেন খান জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ অবস্থায় আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন।
মূল প্রবন্ধে চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ এসেছে। বক্তারা বলেন, এ পরিসংখ্যান জলবায়ু অর্থায়নে বৈষম্যের চিত্র তুলে ধরে। ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানো প্রয়োজন।
সংলাপে বাংলাদেশের সংসদ সদস্য ও নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষ নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করে। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ নেওয়া জরুরি।
তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর কথা বলেন।
ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনায় ব্যবহারের আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দেন। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।