২০২৭ সালের হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

২০২৭ সালের হজ কার্যক্রম পরিচালনায় সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারের বিশেষ অনুরোধে নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর অনুমোদন দিয়েছে সৌদি আরব।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আগামী বছরের হজ ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের হজ কার্যক্রমের অগ্রগতি এবং প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন ধর্মমন্ত্রী।
চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত হজযাত্রীর কোটা বরাদ্দের অনুরোধ জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আরও ৫ হাজার আসন বাড়ানোর সম্মতি দেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
উল্লেখ্য, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছিলেন।
বৈঠকে হজযাত্রীদের আবাসন ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পায়। সৌদি আরবের মীনায় তাঁবুর সীমিত ধারণক্ষমতার কারণে হজযাত্রীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানান দেশটির প্রতিনিধিরা। তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই আসনগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি সৌদি আরবের ইতিবাচক মনোভাব বৈঠকে স্পষ্ট হয়েছে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়ানো ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) কামরুল ইসলামসহ দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।