আজ শহীদ নূর হোসেন দিবস, গণতন্ত্রের দাবিতে আত্মত্যাগের স্মরণ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে নিহত হন তিনি। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে বিক্ষোভে অংশ নিয়েছিলেন নূর হোসেন।
তাঁর আত্মদানের মধ্য দিয়ে এরশাদবিরোধী আন্দোলন আরও গতি পায়। ওই দিন নূর হোসেনের পাশাপাশি নূরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও শহীদ হন।
এরপর দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে। দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত।
অন্যদিকে, জাতীয় পার্টি ১০ নভেম্বর ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। ১৯৮৬ সালের এই দিনে এরশাদের সামরিক আইন প্রত্যাহারের ঘোষণাকে স্মরণ করে দলটি দিবসটি পালন করে আসছে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবে। এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলীয় কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।