পিংক বাস, বৈদ্যুতিক বাস ও মনোরেল: আধুনিক গণপরিবহনের পথে ঢাকা

রাজধানী ঢাকার যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান বাড়াতে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। নগরীকে আধুনিক, পরিবেশবান্ধব ও নিরাপদ যোগাযোগব্যবস্থার মডেল হিসেবে গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নারীদের জন্য পিংক বাস, বিদ্যুৎচালিত বাসের ব্যবহার, মেট্রোরেলের সঙ্গে অন্যান্য পরিবহনের সংযোগ বৃদ্ধি এবং মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই এসব পরিকল্পনার উল্লেখযোগ্য অংশ।
সরকারের লক্ষ্য ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহনকে নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব করা। এ জন্য বাসের রুট পুনর্বিন্যাস, নির্ধারিত স্টপেজ, ডিজিটাল ব্যবস্থাপনা, সমন্বিত টিকিট ব্যবস্থা এবং উন্নত চার্জিং অবকাঠামো গড়ে তোলার বিষয়গুলোও বিবেচনায় রয়েছে।
ঢাকা দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করেন। কিন্তু জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে পরিবহন অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়ায় নগরবাসীর চলাচল ক্রমেই কঠিন হয়ে উঠেছে।
রাজধানীর পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যার মধ্যে রয়েছে অসহনীয় যানজট, বাস চলাচলে বিশৃঙ্খলা, যাত্রী ওঠানামায় অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, সময়সূচির অভাব, নারীদের নিরাপত্তাহীনতা ও বায়ুদূষণ। এর সঙ্গে অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অপরিকল্পিত বাসস্টপেজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ পরিস্থিতিতে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, স্বল্প মেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন প্রয়োগে জোর দিতে হবে। মধ্যমেয়াদে বাসের রুট পুনর্বিন্যাস ও সেবার মান উন্নয়ন জরুরি। আর দীর্ঘ মেয়াদে মেট্রোরেল, বাস ও অন্যান্য পরিবহনের মধ্যে সংযোগ বাড়িয়ে সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
অধ্যাপক শামসুল হকের মতে, পরিকল্পনা গ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ধারাবাহিক বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি পথচারী, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দিতে হবে।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের গণপরিবহনে অতিরিক্ত ভিড়, হয়রানি ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। নারীদের জন্য পৃথক বাসসেবা চালুর পাশাপাশি সাধারণ গণপরিবহনেও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নজরদারি, অভিযোগ জানানোর ব্যবস্থা, চালক ও সহকারীদের প্রশিক্ষণ এবং হয়রানির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর গণপরিবহনকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
ঢাকার বায়ুদূষণ কমাতে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক বাস চালু করা গেলে সড়কে সরাসরি দূষণকারী পদার্থের নির্গমন কমানো সম্ভব হবে। এ জন্য বাস ডিপো, টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রে পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাটারি রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বয় করে চার্জিং সুবিধা স্থাপনের সম্ভাবনাও যাচাই করা যেতে পারে। তবে এ ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যাত্রী চলাচল, জরুরি প্রবেশপথ ও বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বর্ষাকালে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বাড়ে। এ সমস্যা মোকাবিলায় জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, আশ্রয়যুক্ত বাসস্টপ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখার উদ্যোগ প্রয়োজন।
পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে যানবাহনের নির্গমনমাত্রা, জ্বালানির দক্ষতা ও ফিটনেস পরীক্ষার মান বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত দূষণকারী পুরোনো যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবহনমালিকদের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তোলার পাশাপাশি যানবাহনের নির্গমনমাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। এ জন্য বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ, নিয়মিত যানবাহন পরিদর্শন এবং অতিরিক্ত দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবহনমালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। আইন প্রয়োগের সঙ্গে বাস্তবসম্মত পরিকল্পনা ও নিয়মিত তদারকি থাকলে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
রাজধানীর যোগাযোগব্যবস্থায় মেট্রোরেল নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এর সুফল বাড়াতে স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, হাঁটার পথ, সাইকেলসহ অন্যান্য পরিবহনের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করতে হবে। স্টেশনের আশপাশে পরিকল্পিত যাত্রী ওঠানামার স্থান ও বাসস্টপেজ তৈরি করা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমানো সম্ভব।
এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের প্রকল্প নেওয়ার আগে যাত্রী চাহিদা, সম্ভাব্য রুট, নির্মাণ ব্যয়, জমি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তুলতে মেট্রোরেল ও মনোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
গণপরিবহনের আধুনিকায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর মাধ্যমে বাসের অবস্থান, সম্ভাব্য পৌঁছানোর সময়, ভাড়া ও রুট সম্পর্কে যাত্রীরা সহজে জানতে পারবেন। একই সঙ্গে বাস পরিচালনা ও সেবার মান পর্যবেক্ষণ করা সহজ হবে। রুটভিত্তিক বাস পরিচালনা, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ এবং চালকদের প্রশিক্ষণ বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হতে পারে।
এসব পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। ফুটপাত ও বাসস্টপ দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত তদারকিও জরুরি।
পরিকল্পনা অনুযায়ী, স্বল্প মেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্টপেজ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন প্রয়োগে গুরুত্ব দেওয়া হবে। মধ্যমেয়াদে বাস রুট পুনর্বিন্যাস, বিদ্যুৎচালিত বাসের ব্যবহার, চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘ মেয়াদে মেট্রোরেলের সঙ্গে অন্যান্য গণপরিবহনের সংযোগ বাড়ানো, নতুন পরিবহন করিডর গড়ে তোলা এবং মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে পরিবহনমালিক, শ্রমিক, যাত্রী, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিকল্পনাগুলো আরও বাস্তবসম্মত হবে।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকারের এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে ঢাকা যানজট নিরসনের পাশাপাশি আধুনিক, সমন্বিত ও পরিবেশবান্ধব নগর যোগাযোগব্যবস্থার একটি মডেল হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
সূত্র: বাসস