বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ মারধর-ভাঙচুরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে আনসার-ভিডিপির যৌথ প্রশিক্ষণ শুরু প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী চুল পড়া ও ভাঙন কমাতে মেনে চলুন ৮টি সহজ নিয়ম নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান ও হিজাবি নারী সিনেটর অ্যাবার কাওয়াস মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক
  • তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ

    তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও শি জিনপিং ও চীনের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।

    লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা নিয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    চীনের এই মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনা নিয়েও আস্থা প্রকাশ করেন তিনি।

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে দুই দেশের মানুষের মধ্যে এ সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহাসিক বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা এগিয়ে নেওয়া এখন উভয় দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

    জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসূচিটি পরে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কৃষির উন্নয়নে ভূমিকা রাখে। বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ কৃষক ও সাধারণ মানুষের উপকারের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। লিউ হাইশিং দুই দলের সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে চীনের আগ্রহের কথা জানান। এ সময় বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

    বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রতি চীনের সমর্থনের কথা জানান লিউ হাইশিং।

    সাক্ষাতে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থানের কারণে দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর চাপ তৈরি হয়েছে। এ সংকট সমাধানে চীনের সহযোগিতা চান তিনি।

    জবাবে লিউ হাইশিং বলেন, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানাবেন।

    বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

    চীনা প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন