সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তায় বিজিবির ২৪ প্লাটুন

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে দায়িত্ব পালন করছেন ১৩ প্লাটুন সদস্য।
অন্যদিকে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা সতর্ক রয়েছেন বলেও জানিয়েছে বিজিবি। শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাহিনীটি।