জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, দুই ভেন্যুতে ছয় ম্যাচের সিরিজ

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে। কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর আগামী বছরের জানুয়ারিতে দুই দলের সাদা বলের সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে সিরিজ আয়োজনের বিষয়ে তাঁরা শতভাগ আশাবাদী। পরিকল্পনা অনুযায়ী, দুই ভেন্যুতে মোট ছয়টি ম্যাচ খেলবে দুই দল।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’
আগের সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানায়, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সেই সফরও স্থগিত করা হয়।
এবার নতুন করে আগামী বছরের জানুয়ারিতে সিরিজ আয়োজনের আলোচনা চলছে। তবে সফরের চূড়ান্ত সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।