মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১১ নম্বর স্টেশন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এ আন্দোলন টানা চতুর্থ দিনে গড়িয়েছে।
মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম। তাদের ভাষ্য, সকাল থেকেই ওই এলাকায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, আপাতত মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং সেখানে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিরপুর-১১ নম্বর স্টেশন আবার চালু করা হবে।