চট্টগ্রামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’

দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসাসেবার প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করা এবং যৌথ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সমন্বিত কৌশল গড়ে তোলাই মহড়ার প্রধান উদ্দেশ্য।
এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময় করবেন। পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন তাঁরা।
বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়াতে এ মহড়া সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।
এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে। একই সঙ্গে মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারও আরও সুদৃঢ় হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।