কপ৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিটে’ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলে ধরবে।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে তুরস্কে যাবেন এবং দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর আয়োজন করা হবে ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’।
শামা ওবায়েদ জানান, সম্মেলনে জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরা হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার পক্ষে অবস্থান জানাবে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে যেসব দেশের অবদান খুবই সামান্য, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তাদের ওপর বাড়তি ঋণের বোঝা চাপানো উচিত নয়।
তিনি বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান প্রায় শূন্যের কোঠায় হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হতে হচ্ছে দেশটিকে। আন্তর্জাতিক জলবায়ু চুক্তির আওতায় বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবিও সম্মেলনে তুলে ধরা হবে।
গত ছয় মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোও সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান শামা ওবায়েদ। এসব উদ্যোগের মধ্যে রয়েছে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীলতা বাড়ানো, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরা হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবিলা করছে, তা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি, সফরসঙ্গী এবং সম্মেলনে বাংলাদেশের বিস্তারিত অবস্থান সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সফরের আগে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হবে।
এবারের কপ৩১ সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা, জলবায়ু অভিযোজন জোরদার, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বৈশ্বিক রূপান্তরের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। দীর্ঘদিন ধরে দেশটি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সামাল দিতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে ঢাকা।
জলবায়ু সংকট মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার জোরদার, আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত এবং বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা সম্মেলনে অংশ নেবেন।
তুরস্ক কপ৩১-এর আয়োজক দেশ হিসেবে সম্মেলনের সভাপতিত্ব করবে। আর আলোচনা ও দর-কষাকষির মূল সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।