সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে দ্রুত তথ্য পাওয়ার আশা শামা ওবায়েদের

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে দ্রুত তথ্য পাওয়ার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
একই সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য পাওয়ার অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। বিষয়টি নিয়ে কাজ চলছে এবং শিগগিরই দেশটির সরকারের কাছ থেকে তথ্য পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ।
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। কমিটিতে পানিসম্পদমন্ত্রী, অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও রয়েছেন।
তিনি জানান, ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে বাংলাদেশ।
শামা ওবায়েদ বলেন, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে বলে বাংলাদেশ বিশ্বাস করে এবং আশা রাখে। এ ক্ষেত্রে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা তাঁর।
চুক্তি নবায়ন হবে, নাকি নতুন কোনো কাঠামোয় আলোচনা এগোবে—এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় বাংলাদেশের ন্যায্য দাবি ও মানুষের পানির প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। পানিসংকটের সমাধানে ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে সরকার।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মানুষের পানির চাহিদা বিবেচনায় রেখেই ভারতের সঙ্গে আলোচনা চালানো হবে।