৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, মাঠে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
এদিকে সোমবার সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার বিক্ষোভের মধ্যে পুলিশ বক্স, একটি কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।
চলমান আন্দোলনের প্রভাবে গাজীপুর ও সাভারের ২৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।