বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৪। এ স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে। তালিকায় ৪৯৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির একিউআই স্কোর ২১৯। ২১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো। আর ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক চিত্র পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মানদণ্ডে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।