ইসরায়েলে ডানপন্থী জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের নির্বাচনে নিজের দল লিকুদ পার্টি সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে এবং ডানপন্থী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ‘জাতীয় ডানপন্থী সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।
জেরুজালেমে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী এক থেকে দুই দিনের মধ্যে জানা যাবে। তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দুটি বিষয় স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।
নেতানিয়াহু বলেন, লিকুদ পার্টিই সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। পাশাপাশি ডানপন্থী শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের একটি জাতীয় ডানপন্থী সরকার গঠন করতে হবে।’
ইসরায়েলের অস্তিত্বের বিরোধী বলে বর্ণনা করা আরব-নেতৃত্বাধীন দলগুলোর ওপর দেশটির সরকারের নির্ভর করা উচিত নয় বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।
এ সময় ইসরায়েলের টেলিভিশন চ্যানেলগুলোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলো ভালো ফল করতে পারে—এমন পূর্বাভাস প্রচার করে তাঁর সমর্থকদের ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।