সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, মক্কার কাছে পড়ল ধ্বংসাবশেষ

সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুথি গোষ্ঠীর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কাসহ সৌদির কয়েকটি এলাকায় পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শনিবার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কিছু অংশ মক্কার ওয়াদি আল-মুগাম্মাস এলাকায় পড়ে। স্থানটি পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
মক্কা ছাড়াও জেদ্দার আল নুঝা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘ গভর্নরেটের মাস্তুরাহ এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস করা ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের রাজধানী রিয়াদ, তায়েফ ও ইয়ানবুর দিকে ধেয়ে আসছিল। একই দিন ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট বাহিনী।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনার কথা বলা হয়েছে।
এদিকে সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম পরিষদ গত সপ্তাহে দেশটিকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানিয়ে এগুলোকে মুসলমানদের বিরুদ্ধে গুরুতর আগ্রাসন হিসেবে অভিহিত করেছে।