আমদানি করা চাল-গমের মান পরীক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি করা খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে চাল-গম সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আমদানি করা চাল ও গমের গুণগত মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা দেওয়ার অনুরোধ জানান খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম বলেন, বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতায় দীর্ঘ সময় খাদ্যশস্য, বিশেষ করে চাল ও গম সংরক্ষণ করা একটি চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় খাদ্যশস্য সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।
জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর কার্যক্রমের প্রশংসা করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারিগরি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
সাক্ষাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানির বিষয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় দুই পক্ষ সন্তোষ প্রকাশ করে।
এ সময় খাদ্যমন্ত্রী সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমবাহী জাহাজ পরিদর্শনের অভিজ্ঞতাও রাষ্ট্রদূতের সঙ্গে তুলে ধরেন।
সাক্ষাতে যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।