মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ

তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসনের ওপর নির্ভর না করে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান এবং সামাজিক সহমর্মিতা বাড়ানো জরুরি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।