এলএনজি-এলপিজি আমদানি ও জ্বালানি বিনিয়োগে বাংলাদেশ-আলজেরিয়া আলোচনা

জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। উভয় দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ খাতের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের জন্য জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনেও আলজেরিয়ার সহযোগিতা চান তিনি।
বৈঠকে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ উদ্যোগের ফলে সরকারি পর্যায়ে (জিটুজি) এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আলজেরিয়ার অভিজ্ঞতা ও উত্তম চর্চা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিব বলেন, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।