শিগগিরই ঢাকায় আবাসিক মিশন স্থাপন করবে কেনিয়া

শিগগিরই ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন স্থাপন করবে কেনিয়া। বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের তৃতীয় দফার বৈঠকে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব ড. নজরুল ইসলাম। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নাইরোবিতে অনুষ্ঠিত আগের বৈঠকের পর থেকে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অর্জিত অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নীল অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ ছাড়া দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, নীল অর্থনীতি এবং চুক্তিভিত্তিক কৃষিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সম্পন্ন করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয় উভয়পক্ষ।
বৈঠকে বাংলাদেশ ওষুধশিল্প, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতে নিজেদের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনার কথা তুলে ধরে।
অন্যদিকে, কেনিয়া সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে দেশটিতে আরও বেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করে কেনিয়ার প্রতিনিধিদল।
বাংলাদেশে উন্নতমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাবও দেয় কেনিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) আওতায় সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করার বিষয়ে একমত হয় দুই দেশ।