১৮তম জুডিশিয়াল সার্ভিসে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ১২ অক্টোবর

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর ডোপ টেস্ট এবং ১৭ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফের স্বাক্ষরে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সময়সূচি অনুযায়ী, ১২ অক্টোবর ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে সব প্রার্থীর ডোপ টেস্ট নেওয়া হবে।
অন্যদিকে, ১৭ অক্টোবর তিনটি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেধাক্রম ১ থেকে ৭০ পর্যন্ত প্রার্থীদের পরীক্ষা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ৭১ থেকে ১৪০তম মেধাক্রমের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আর ১৪১ থেকে ২০০তম মেধাক্রমের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) ২০০ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়।
কমিশনের প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, প্রয়োজনীয় যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে অসংগতি পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল হতে পারে।
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য বিবেচিত হলে বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলে তাঁর সাময়িক মনোনয়ন বাতিল করা হবে।
কমিশন আরও জানিয়েছে, সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগ নিশ্চিত করে না বা নিয়োগ পাওয়ার অধিকার সৃষ্টি করে না। ফলাফলে ভুল পাওয়া গেলে কিংবা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে তা পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা কমিশনের রয়েছে।