শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে: রিজভী

একটি জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে পড়লে যেমন পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। গুণগত শিক্ষা নিশ্চিত করার পরিবর্তে শুধু পাসের হার বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সময়ে পাসের হার ৯০ থেকে ৯৫ শতাংশ দেখানোর রাজনীতি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘খাতায় না লিখলেও বাধ্যতামূলক পাসের নির্দেশ দেওয়া হয়েছিল।’ শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কর্মকর্তাদেরও ওপর মহলের চাপের মুখে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করা হতো বলে দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, অতিরিক্ত রাজনীতিকরণের কারণে শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে। পাঠ্যবইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হলেও নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষক সমাজকেই নিতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার উদাহরণ টেনে রিজভী বলেন, অধিকার ও দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘বিএনপি সবসময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দল সচেতন। আমাদের দলের ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।’
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-কর্মচারী নেতারা অংশ নেন।
সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদসহ অন্যরা।