ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগ, ওলামা অ্যালায়েন্সের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে নেকাব পরা এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, কোনো শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরার কারণে তাকে অপমান, হেনস্তা বা ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। সেখানে কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় বা পোশাককে কেন্দ্র করে তাকে হেয় করা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, অভিযোগটি যথাযথ ও নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব, নিকাবসহ ধর্মীয় পোশাক পরা শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য, অপমান বা হয়রানি গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বানও জানান তারা।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।