ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে নিরাপত্তা বাড়ানো এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও বৈঠকে আলোচনা হচ্ছে।