শিক্ষা অধিকার পর্যালোচনায় বাংলাদেশ সফরে আসছেন ফরিদা শহীদ

জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে তার এ সফর।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফরে এসে ফরিদা শহীদ দেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন।
সফরে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ এবং শিক্ষা খাতে অর্থায়ন বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি দেশের শিক্ষা অধিকার পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
সফরকালে ফরিদা শহীদ সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন।