রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: হুমায়ুন কবির

মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংকট দীর্ঘায়িত হলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এবং অনিয়মিত অভিবাসন বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপির নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।
হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সংকট হিসেবে সীমাবদ্ধ নেই। এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ওপরও পড়ছে। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
প্রতিনিধিদলের আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। বৈঠকে তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারে এপিপিজির ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টিও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ, যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এপিপিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তবতা যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে এপিপিজির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক বিনিময়, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষ মতবিনিময় করে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করা হয়।