শিশুদের সঠিক বিকাশেই দেশের ভবিষ্যৎ: তারেক রহমান

শিশুদের ভেতরের সম্ভাবনা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করা গেলে দেশের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, একটি পরিবারের ভবিষ্যৎ যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি একটি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের যথাযথ বিকাশের ওপর।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি মূলত শিশুদের জন্য। তাই বড়দের বক্তব্যের চেয়ে শিশুদের কথা শোনাই হওয়া উচিত এ অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, শিশু একাডেমির কার্যক্রম শুরুর দিকের একটি আয়োজনে তিনিও ছোট অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। শিশু একাডেমির ‘শিশু’ ম্যাগাজিনে একসময় তার ও ছোট ভাইয়ের লেখা প্রকাশিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে প্রদর্শিত স্মারক বোর্ডে নিজের গল্প ও ভাইয়ের লেখা দেখে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
শিশুদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সংগীতচর্চার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি তোমাদের কাছে পড়ার কথা বলব না। তোমাদের আজকে বলব, তোমাদের খেলাধুলা করতে হবে।”
তারেক রহমান বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। কেউ ছবি আঁকে, কেউ আবৃত্তি করে, আবার কেউ গান, নাচ কিংবা বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে। যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই বিষয়ে মনোযোগ দিয়ে শেখার সুযোগ দিতে হবে।
নিজের কিবোর্ড ও গিটার শেখার আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, বাদ্যযন্ত্র, সংগীত, নাচ কিংবা কেরাত ও কোরআন তেলাওয়াত—যে বিষয়ে যার আগ্রহ রয়েছে, সেটি মনোযোগ দিয়ে শেখা এবং ভালোভাবে আয়ত্ত করা উচিত।
শিশুদের প্রতিভা বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের খেলাধুলার সুযোগ বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে দেশে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিশু—১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে—ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এসব আয়োজন থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার পাশাপাশি নতুন উদ্যমে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান প্রধানমন্ত্রী। সিলেট থেকে ঢাকার আর্মি স্টেডিয়াম পর্যন্ত বিভিন্ন আয়োজনে শিশুদের সংস্কৃতির পাশাপাশি খেলাধুলায়ও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর—সব জায়গার শিশু যেন সমান সুযোগ পায়, সে লক্ষ্যেই সরকারি বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হচ্ছে।
তিনি জানান, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০২৭ বা ২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে নিজেদের পছন্দ অনুযায়ী গান, বাদ্যযন্ত্র কিংবা খেলাধুলার বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবে।
বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুদের আরও এগিয়ে নিতে অতিরিক্ত বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীরা আরবি, ম্যান্ডারিন, জার্মান, জাপানিজসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষার মধ্য থেকে একটি শেখার সুযোগ পাবে। এতে ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পাবে।
সবকিছুর ঊর্ধ্বে শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, “তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে। এই দেশের প্রকৃতি, এই দেশের পশুপাখির প্রতিও তোমাদের দরদী ও মানবিক হতে হবে।”
বাড়ি, বিদ্যালয় ও আশপাশের গাছপালার যত্ন নেওয়ার পাশাপাশি পশুপাখির প্রতি সদয় আচরণের মাধ্যমে সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।