সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা সংকট : আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ ‘ওয়্যারউলফ’ নিয়ে ফিরছেন রবার্ট এগার্স, ট্রেলারে শিহরণ শিক্ষায় আমূল সংস্কারের পথে চীন, সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে জাপান-তুরস্ক-সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২০২৯ সালে মাতারবাড়ী বন্দরে কার্যক্রম শুরুর লক্ষ্য কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার
  • জাপান-তুরস্ক-সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    জাপান-তুরস্ক-সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর এবং তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেওয়ার কথা রয়েছে। তবে তিনটি সফরের কোনো তারিখই এখনো চূড়ান্ত হয়নি।

    কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। সফরগুলো আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পর্যায়ে যোগাযোগ ও আলোচনা চলছে।

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে টোকিও যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিন থেকে চার দিনের এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

    কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্ভাব্য জাপান সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ জোরদার এবং জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর অগ্রগতি পর্যালোচনা গুরুত্ব পেতে পারে।

    এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের সময় বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছিল। একই সময়ে পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়।

    নভেম্বরের প্রথম দিকে তুরস্ক সফরের প্রস্তুতিও চলছে। আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে অংশ নিতেই প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনা করা হচ্ছে।

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের জন্য কপ৩১ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ঘোষিত জলবায়ু লক্ষ্য বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তার মতো বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ থাকবে।

    সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। সেখানে কপ৩১ এবং সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

    নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এ সফর আয়োজনের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

    সাম্প্রতিক সময়ে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত জনশক্তি রপ্তানির সম্পর্কের পাশাপাশি সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার আগ্রহ দেখিয়েছে। সম্ভাব্য সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

    এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নিয়েও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

    তবে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের মতো ভারত সফরের তারিখও এখনো চূড়ান্ত হয়নি। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে নভেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার কথা বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন