বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার

কানাডায় একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ থানার নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে বিদেশে পাঠানোর জন্য অভিযুক্তরা মোট ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন। এরপর ২০২৫ সালের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে আরও ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীর কাছে দেওয়া হয়। পরে ওই কাগজপত্র নিয়ে কানাডা দূতাবাসে যোগাযোগ করলে যাচাই শেষে সেগুলো ভুয়া ও জাল বলে জানানো হয়। এরপরই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী।
এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করেন ভুক্তভোগী।
মামলাটির তদন্তে সিআইডি জানতে পারে, গ্রেপ্তার নারীসহ একটি চক্র পরস্পরের যোগসাজশে বিদেশে লোক পাঠানোর নামে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করত। পরে এসব নথি আসল হিসেবে দেখিয়ে বিদেশে চাকরি ও পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হতো।
সিআইডি জানায়, নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার নিজের প্রকৃত নাম-পরিচয় গোপন করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। মামলার তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, আত্মসাৎ করা অর্থের মোট পরিমাণ ও অর্থের গতিপথ কী—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মামলার এজাহারভুক্ত ও অন্যান্য অভিযুক্তকে শনাক্ত এবং গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।