বাহরাইনে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের দেশটির স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা ও সাইবার আইন মেনে চলার পরামর্শ দিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বাহরাইনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা যাবে না। গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে বাহরাইনের আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করতেও বলা হয়েছে। একই সঙ্গে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্কে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।