নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট

জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি প্রতীকের তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে, যা একক প্রার্থীর ক্ষেত্রে ব্যবহার করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া কমিশনের নির্ধারিত অন্য যেকোনো প্রতীক প্রার্থিতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে। প্রতীকের তালিকায় ‘নৌকা’র পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।
প্রার্থীর হলফনামা দাখিলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে। ফলে এসব তথ্য না দিলেও তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে।
এ ছাড়া হলফনামার ৩(গ) অনুচ্ছেদে ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যা স্পষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, অভিযুক্ত বলতে সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন।
ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের জামিনসংক্রান্ত কাগজপত্রের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। আগে জামিনে থাকা প্রার্থীদের আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। সংশোধনের পর এ প্রক্রিয়া সহজ করা হয়েছে।
কারাগারে থাকা প্রার্থীরা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে পারবেন।
নির্বাচনি ব্যয় পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে ‘মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা’র জায়গায় প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাঁর মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত এসব বিধান অবিলম্বে কার্যকর হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তা প্রযোজ্য হবে।