ছট পূজার দৃশ্যে কেঁদে ফেললেন তামান্না, জানালেন অনুভূতির কথা

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ‘ভবান’ সিনেমায় ছট পূজার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। দৃশ্যটির শুটিংয়ের সময় হঠাৎ তার চোখে পানি চলে আসে। কেন এমন অনুভূতি তৈরি হয়েছিল, সেটি নিজেও বুঝতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘ভবান’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছট পূজাকে ঘিরে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন তামান্না। সিনেমার ‘ছঠি মাইয়া’ গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের নজর কেড়েছে।
এ সময় ছট পূজা ও বিহারি সংস্কৃতি সম্পর্কেও কথা বলেন তিনি।
মুম্বাইয়ে বেড়ে ওঠা তামান্না জানান, জুহু বিচে প্রতিবছর ছট পূজাকে কেন্দ্র করে বড় আয়োজন ও বিপুল মানুষের সমাগম দেখেছেন। তবে এই উৎসবের বিভিন্ন রীতি ও আচার সম্পর্কে তার বিস্তারিত জানা ছিল না।
তামান্না বলেন, ‘আমি মুম্বাইয়ে বড় হয়েছি। ছট পূজা একটি বড় উৎসব এবং জুহু বিচে আমি সবসময় বিশাল ভিড় দেখেছি। কিন্তু এই উৎসবের রীতিনীতি সম্পর্কে খুব বেশি জানতাম না। এই দৃশ্যের শুটিং করার সময় এ বিষয়ে জানতে পারি। এখানে মানুষকে কঠিন উপবাস করতে হয়—প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত পানি পান না করে থাকতে হয় এবং দেবীর কাছে প্রার্থনা করতে হয়।’
ছট উৎসবের যে বিষয়টি তামান্নার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে, তার একটি হলো অস্তগামী সূর্যের প্রতি শ্রদ্ধা নিবেদন। অভিনেত্রীর মতে, সাধারণত মানুষ সূর্যোদয়ের সময় সূর্যকে সম্মান জানায়। কিন্তু ছট পূজায় অস্তগামী সূর্যকেও সমান গুরুত্ব দেওয়া হয়।
শুটিংয়ের সময় নিজের অনুভূতি প্রসঙ্গে তামান্না বলেন, ‘দৃশ্যটি করতে করতে হঠাৎ আমার চোখে পানি চলে এসেছিল। কেন এমন অনুভূতি তৈরি হয়েছিল, তা নিজেও জানি না।’
অভিনেত্রীর ভাষ্য, একজন শিল্পী অনেক সময় এমন কিছু অনুভূতির মাধ্যম হয়ে ওঠেন, যা তার ব্যক্তিগত অনুভূতিকেও ছাড়িয়ে যায়। আর সিনেমার অন্যতম উদ্দেশ্য হলো দর্শকের মধ্যে কোনো একটি অনুভূতি তৈরি করা।
‘ভবান’ সিনেমার এই গানের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামান্না। ছবিটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়াকে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মনীশ পল, শ্বেতা তিওয়ারি, সুনীল গ্রোভার ও অনুপ সোনি।