গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে শুক্রবার মিছিল হতে পারে—পুলিশ তা আগে থেকে অনুমান করতে পারেনি বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময় নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে।
তিনি বলেন, ‘ফজরের নামাজের পর তারা দু-একটি মিছিল করে ভিডিও-টিডিও করে। অল্পসংখ্যক লোক নিয়ে এসব মিছিলের বিষয়টি আমরা দেখেছি। তাদের কিছু অপতৎপরতা মাঝেমধ্যে দৃশ্যমান হয়।’
গুলশানের ঘটনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।’
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরে ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।’
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির পাশের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।