হামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৬ জন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ২০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০০ জন।