মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু ইস্যু, কপে পাটের গুরুত্ব তুলে ধরবে বাংলাদেশ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু ইস্যু, কপে পাটের গুরুত্ব তুলে ধরবে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি আগামী নভেম্বরে জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের পক্ষ থেকে পাটজাত পণ্যের পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘৮১তম জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ: জলবায়ু কূটনীতির মাধ্যমে ন্যায্যতা আদায়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। এ কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য একটি বিশেষ উইং চালু করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জলবায়ু কূটনীতি আরও জোরদার করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন। সেখানে জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।

শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান এবং সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রধানমন্ত্রীর ভাষণে প্রতিফলিত হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতিসংঘে বাংলাদেশ যাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তার যুক্তরাষ্ট্রে অবস্থান করার কথা। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে আগামী নভেম্বরে কপ-৩১ সম্মেলনেও বাংলাদেশের অংশগ্রহণের কথা রয়েছে। ওই সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও অভিযোজনের প্রয়োজনীয়তার পাশাপাশি পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে জলবায়ু ঝুঁকির প্রভাব থেকে সুরক্ষায় কী ধরনের উদ্যোগ প্রয়োজন, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবে বাংলাদেশ।

পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তাও কপ-৩১-এ তুলে ধরা হবে বলে জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এ ক্ষেত্রে পাটকে বাংলাদেশের একটি সম্ভাবনাময় সম্পদ হিসেবে উপস্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে। এসব উদ্যোগের মাধ্যমে সরকারের জলবায়ুবিষয়ক রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন