বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ওমান যাবে বাংলাদেশের ১০ হাজার কর্মী: শামা ওবায়েদ

ওমান যাবে বাংলাদেশের ১০ হাজার কর্মী: শামা ওবায়েদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষিকর্মী এবং ৫ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, নিয়োগের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়োগের বিভিন্ন বিষয় চূড়ান্ত করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, আগের সরকারের সময়ে সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য এখনো ওমানের ভিসা সীমিত রয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজারে নিয়মিত প্রবেশাধিকার পুনরুদ্ধারে সরকার মাসকাটের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, তা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের বৈদেশিক কর্মসংস্থান কৌশলের অংশ হিসেবে কারিগরি শিক্ষা ও দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওমানের অর্থনীতির বিভিন্ন খাতে অবদান রাখতে সক্ষম আরও দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ঢাকা দেশটির সরকারের কাছে বিষয়টি অগ্রাধিকার দিয়ে তুলে ধরেছে।

তিনি বলেন, ওমানও এ উদ্যোগের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং দুই দেশ এ বিষয়ে একসঙ্গে কাজ করছে।

সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) আরও কয়েকটি দেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকারের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ইউএইতে ২০০ জনের বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছিল। দেশটির আইনে এ ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।

পরবর্তীতে বাংলাদেশ সরকারের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। নথিপত্র ও ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়াসহ বিভিন্ন চ্যালেঞ্জ এখনো রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

শামা ওবায়েদ আরও জানান, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ একই ধরনের ভিসা-সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

মালয়েশিয়ার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটি সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ পুনরায় উন্মুক্ত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর কর্মী পাঠানোর সঠিক সময় চূড়ান্ত করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন