ইতালিতে বাঁধনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় তাঁর করা মামলা পরিচালনায় মিলানে বাংলাদেশের কনস্যুলেট সব ধরনের সহযোগিতা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাঁধন ইতালিতে যতদিন অবস্থান করবেন, ততদিন তাঁকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাঁধনের ওপর হামলার ঘটনায় ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশিরা বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, নীতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলবেন—এটাই স্বাভাবিক। বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গেলে সেসব দেশের আইন-কানুন মেনে চলেন।
ইতালির ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত জঘন্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মিলানের কনস্যুলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বাঁধনের সঙ্গে দেখা করেছেন। সেখানে যে মামলা দায়ের হয়েছে, সেটি পরিচালনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবাই সব ধরনের সহযোগিতা করেছেন।’
প্রতিমন্ত্রী বলেন, বাঁধন ইতালিতে যতদিন অবস্থান করবেন, ততদিন এই সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ‘সবচেয়ে বড় কথা হলো, আমরা যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু এই ঘটনা নয়, পৃথিবীর যেকোনো প্রান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটলে তা গুরুত্বের সঙ্গে দেখবে। এমনকি বাংলাদেশেও এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী তা অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।