প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত তারই: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, সফরের সিদ্ধান্ত পুরোপুরি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী একজন বুদ্ধিমান মানুষ এবং তিনি জনগণের নেতা। তাই সফরের সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দেওয়া উচিত। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে যা প্রয়োজন, তা করতে উভয় পক্ষই আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কোনো উদ্যোগ জনগণকেন্দ্রিক হয়, তখন সেটি এগিয়ে যাওয়ার পথ তৈরি করে।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে আলোচনা প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। আলোচনা সব সময় চলমান থাকে।
তিনি বলেন, আলোচনা বহমান নদীর মতো। গঙ্গা-পদ্মার স্রোতের মতো এটি কোথাও থেমে থাকে না। গণতন্ত্রের প্রক্রিয়াও একইভাবে অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি আশাবাদী ও আত্মবিশ্বাসী বলেও জানান।
সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফর অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।